আগামী মাসে চীনে আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকার জন্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতি অনুরোধ জানিয়েছে জাপান সরকার। গতকাল সোমবার জাপানি বার্তা সংস্থা কিওদো নিউজ কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
জাপান মনে করছে, সেপ্টেম্বরের ৩ তারিখের সেই আয়োজনকে সামনে রেখে চীনা কর্তৃপক্ষ জাপানবিরোধী প্রচারণা জোরদার করবে। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে একটি সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে চীন সরকার ১৯৩৭ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা যুদ্ধে দেশের বিজয়ের ৮০তম বার্ষিকী উদ্যাপন করবে। চীন সেই যুদ্ধকে ‘জাপানি আগ্রাসন প্রতিরোধ করা যুদ্ধ’ ছাড়াও ‘ফ্যাসিবাদবিরোধী বৈশ্বিক যুদ্ধ’ আখ্যায়িত করে থাকে। স্মারক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে দেশটি।
কিওদো নিউজের খবরে উল্লেখ করা হয়েছে, সূত্রগুলো আরও জানিয়েছে বিদেশে নিজেদের দূতাবাসের মাধ্যমে জাপান বিভিন্ন দেশের সরকারের কাছে এ ধরনের বার্তা পৌঁছে দিয়েছে যে চীনের স্মারক অনুষ্ঠানের সুস্পষ্ট জাপানবিরোধী অবস্থান পরিষ্কার হয়ে যাওয়ায় সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত সেসব দেশের নেতাদের যত্নের সঙ্গে বিবেচনা করে দেখা উচিত।
